পলাশে সিঁধ কেটে ঘুমন্ত মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে হত্যা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:০৫

পলাশে আফিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। আফিয়ার পরিবারের দাবি—হত্যাকারীরা ঐ মাদ্রাসাছাত্রীর ঘরের সিঁধ কেটে তাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য পুলিশ গতকাল বুধবার নিহতের ভাই, বোন ও দুলাভাইসহ চার জনকে থানায় নিয়ে যায়। আফিয়া আক্তার গজারিয়া গ্রামের আজাহার মিয়ার মেয়ে। সে গজারিয়ার দাখিল উলুম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। নিহতের বাবা আজাহার মিয়া জানান, আফিয়া তার বড়ো দুই বোন রুবি ও সুফিয়ার সঙ্গে রাতের খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পাশের রুমে তার দুলাভাই ও তার এক ভাই ঘুমিয়ে ছিল। রাত ৩টার সময় রুবি ঘুম থেকে উঠলে আফিয়াকে না দেখে সবাইকে ডাকে। বাড়ির লোকজনও উঠে আফিয়াকে খুঁজতে গিয়ে দেখে ঘরের সিঁধ কাটা। খোঁজাখুঁজির এক পর্যায়ে আফিয়ার বাবা ঘরের পূর্ব পাশে কচুখেতে মাথায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আফিয়াকে মৃত ঘোষণা করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে থানায় নিয়ে যায়।

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সার্বিক দিক বিবেচনা করে চার জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে।