চট্টগ্রাম সিটি নির্বাচন

করোনা সতর্কতায় ডিজিটাল প্রচারণা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১১

করোনা ভাইরাস সতর্কতায় চসিক নির্বাচনে নিয়মিত প্রচারণার পাশাপাশি প্রার্থীরা এবার ‘ডিজিটাল’ প্রচারণার দিকে ঝুঁকছেন। গতকাল বুধবার নগর যুবলীগের এক মতবিনিময় সভায় দলটির নেতারা ‘ডিজিটাল’ প্রচারণা চালানোর পরিকল্পনার ঘোষণা দেন। এর আগে গত মঙ্গলবার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রচারণা চালাতে একটি ওয়েব পোর্টাল চালু করেন।

মতবিনিময় সভায় যুবলীগের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন যদি যথাসময়ে অনুষ্ঠিত হয় এবং জনসমাগম এড়িয়ে প্রচারণা চালাতে ইসি কোনো নির্দেশনা দেয়, তাহলে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ডিজিটাল প্রচারণা চালানো হবে। করোনা সতর্কতার অংশ হিসেবে সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তাবও দেন যুবলীগ নেতারা। সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম, সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহাবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। সভায় ফরিদ মাহমুদ বলেন, করোনা ভাইরাসের কারণে নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে ডিজিটাল প্রচারণার পরিকল্পনা করছি আমরা। ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তাব দেন মহিউদ্দীন বাচ্চু।

এদিকে গত কয়েক দিনের মতো গতকালও প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। গতকাল তিনি ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড, বিআরটিসি ফলমন্ডি এলাকা, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে জনসংযোগ করেন। জনসংযোগকালে রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

এদিকে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে জনগণের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার নগরীর মোহরা এলাকায় জনসংযোগকালে তিনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে। জনগণের মধ্যে এটি নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ও আতঙ্ক দেখা দিয়েছে। তাই জনগণের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়া উচিত। গতকাল ডা. শাহাদাত হোসেন নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হামিদচর শাহজীর মাজার জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। গণসংযোগটি এফআইডিসি রোড, চর রাঙামাটিয়া, কামাল বাজার, কাজির হাট, মৌলভীবাজার হয়ে কবির টাওয়ারে এসে শেষ হয়। পরে কামাল বাজারের কর্ণফুলী টাওয়ারে নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন শাহাদাত হোসেন।