গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে লড়াই হবে নবীন-প্রবীণের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:১২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে এবার লড়াই হবে নবীন-প্রবীণের। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।

পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ দলীয় অধ্যক্ষ আবুল কালাম আজাদের কাছেই হেরে যান। অবশ্য এবার  মনোয়ার হোসেন চৌধুরী মনোনয়ন পাওয়ার পর থেকেই এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে তার পক্ষে কাজ করে যাচ্ছেন। আর নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী লীগের প্রবীণ এ প্রার্থী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন নবীন প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমদ। তিনি পর পর তিনবার গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং উপজেলা চেয়ারম্যান পদে ইস্তফা দিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।    

কে হবেন এবারের এমপি এ নিয়ে এলাকার সর্বত্র চলছে আলোচনার ঝড়। তবে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এ আসনে আটজন প্রার্থী নির্বাচন যুদ্ধে লড়লেও লড়াই হবে নৌকা মার্কার প্রবীণ প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী  ও ধানের শীষ মার্কার  নবীন প্রার্থী ফারুক কবির আহমদের মধ্যে।

এ আসনে অংশগ্রহণকারী আট প্রার্থী হলেন, আওয়ামী লীগের মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, ঐক্যফ্রন্টের বিএনপি’র ফারুক কবির আহমদ, জাতীয় পার্টির কাজী মোঃ মশিউর রহমান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ছামিউল আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা মুফতি  সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, জাকের পার্টির মোঃ আবুল কালাম, এনডিপির খন্দকার মোঃ রাশেদ ও মুসলিম লীগের সানোয়ার হোসেন সানু।