বিশ্বব্যাপী করোনা মহামারির প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগমে যেতে নিষেধ করা হচ্ছে। গতকাল বাংলাদেশে করোনায় আক্রান্ত এক জনের মৃত্যুও হয়েছে। তবে করোনার ভয় উপেক্ষা করে ২০০ টাকার নোট সংগ্রহে বাংলাদেশ ব্যাংকে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচতলায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ২০০ টাকার নোট সংগ্রহ করতে দেখা যায়।
এর আগে মুবিজববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে নতুন ২০০ টাকার নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আনুষ্ঠানিকভাবে এ নোট ও স্মারক মুদ্রা উদ্বোধন করা হয়।
আগের ঘোষণা অনুযায়ী গতকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় ২০০ টাকার নোট বিনিময় শুরু হয়েছে। একজন গ্রাহককে ২০০ টাকার নোট প্রথম পর্যায়ে সর্বোচ্চ ১০টি করে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় লাইনে দাঁড়ানো এক জন গ্রাহক বলেন, টাকা ছাড়ার প্রথম দিন নতুন টাকা হাতে পাওয়ার আনন্দই আলাদা। সেজন্যই এই নোট সংগ্রহ করা।
বাংলাদেশ ব্যাংকের বাইরে বটতলায় ২০০ টাকার নতুন নোট বিক্রি করতে দেখা যায়। সেখানে নোটপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দিতে হচ্ছে।
মুজিববর্ষ উপলক্ষ্যে বাজারে ১০০ টাকার স্মারক নোট, প্রথমবারের মতো ২০০ টাকার প্রচলনযোগ্য স্মারক নোট, ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা ছাড়ার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৫৩ হাজার টাকা এবং রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৩ হাজার ৫০০ টাকা।
