আরিফুলের হাতে ফাটল, কুড়িগ্রাম ছেড়েছেন জেলা প্রশাসকসহ চার কর্মকর্তা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৫

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুর রহমান রিগ্যানের ওপর নির্যাতন ও মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্ত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ চার কর্মকর্তা বুধবার কুড়িগ্রাম ছেড়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমানের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন বুধবার সকালে কুড়িগ্রাম ত্যাগ করেন। একইভাবে সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও রাহাতুল ইসলামও তাদের কর্মস্থল ত্যাগ করেন। নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার যোগদান করতে পারেন বলে জেলা প্রশাসক কার্যালয়সূত্রে জানা গেছে।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন সাংবাদিক রিগ্যানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন সাংবাদিক আরিফুল ইসলাম জানান, এক্সরে রির্পোটে তার ডান হাতে ফাটল ধরা পড়েছে। চিকিত্সকরা ওষুধ ও ব্যান্ডেজ দিয়েছে। দুই সপ্তাহ চিকিত্সা নিতে হবে। এছাড়া হাত, পা ও বুকে মারের ক্ষত রয়েছে। এখনো সারা শরীরে ব্যথা, ঠিকমতো হাঁটতে পারছেন না।

তিনি আরো জানান, বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের সহযোগিতায় অচিরেই তার ওপর নির্যাতনকারী চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

সুলতানা পারভীনের বিরুদ্ধে মানববন্ধন

এদিকে হাইকোর্টের নির্দেশ              অমান্য করে নিয়োগ প্রদানের প্রতিবাদে কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলার সব ইউনিয়ন সেন্টারের উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কেন্দ্রীয় ফোরামের প্রধান সমন্বয়কারী মাহাতাব আলী, জেলা ফোরামের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নবিউল ইসলাম, সদস্য হাসিনা খাতুন প্রমুখ।