বুড়িগঙ্গা দূষণরোধে ড্রেনের মুখে পানি শোধনের ব্যবস্থা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৬

মুজিব শতবর্ষের সূচনালগ্নে বুড়িগঙ্গা নদী সংলগ্ন ড্রেনের মুখে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় পাইলট প্রকল্প হিসেবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এ প্লান্ট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। এ প্ল্যান্টের মাধ্যমে ড্রেনের পানি পরিশোধন করে নদীতে ফেলা হবে। ফলে ড্রেনে ভেসে আসা বর্জ্য নদীতে পড়তে পারবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে টিট্রমেন্ট প্লান্টের ফলাফল আশাব্যঞ্জক হলে সেটি স্থায়ীভাবে গ্রহণ করা হবে। বিআইডব্লিউটিএ, ঢাকা ওয়াসা এবং ঢাকা সিটি করপোরেশন এক ছাতার নিচে মিলিত হয়ে দূষিত পানি পরিশোধনের কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, নদীর পানি দূষণরোধে বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। যে সমস্ত শিল্পপ্রতিষ্ঠান দূষিত পানি বিশুদ্ধকরণে যন্ত্রপাতি (অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট-ইটিপি) ব্যবহার করছে না ঐ সব প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে সনদ বাতিল, বিদ্যুত্ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে।

তিনি বলেন, নদী তীর রক্ষা, দখল ও দূষণরোধকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে সার্বিক দিকনির্দেশনা দেন। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সে নির্দেশনা বাস্তবায়ন না করায় নদীর পানি আরো দূষিত হয়েছে। নদীর প্রবাহ না হয়ে, মানুষের রক্তের প্রবাহ হয়েছে। তারা বিকৃত ইতিহাস সৃষ্টি করেছে, সাম্প্রদায়িকতা ছড়িয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নদী রক্ষায় ‘টাস্কফোর্স’ গঠন করে দিয়েছেন। সে অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ নদী রক্ষায় কাজ করা হচ্ছে। পাশাপাশি বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর দখল ও দূষণরোধে বিআইডব্লিউটিএ কাজ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে একটি বেসরকারি সংস্থা পাইলট প্রকল্প হিসেবে ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করছে। বুধবার পর্যন্ত তারা দুটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করেছে। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা। এসব ট্রিটমেন্ট প্ল্যান্টে পানি যেটুকু পরিশোধন হচ্ছে তাতে খাবার যোগ্য না হলেও মাছ এবং জলজ প্রাণীর জন্য ঐ পানি ক্ষতিকর নয়। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।