সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অনুষ্ঠান মঙ্গলবার সেগুনবাগিচাস্থ বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সিজিডিএফের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস, হিসাব মহানিয়ন্ত্রকের অফিস এবং ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)-এর অধীনস্থ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর
