নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ইত্তেফাক রিপোর্ট
সাভারে রহমান মিয়া নামে এক পোলট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার মামুরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রতন নামে এক যুবককে আটক করেছে। নিহত রহমান মিয়া আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া গ্রামের বাসিন্দা।
অপরদিকে গতকাল বুধবার সকালে পৌর এলাকার কাতলাপুর মহল্লায় নিজ মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রোজী আক্তার রিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে আশুলিয়ার ঘুঘুদিয়া ও পার্শ্ববর্তী মামুরা গ্রামের ছেলেদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়। মঙ্গলবার রাতে মামুরা গ্রামে ঐ ঘটনার সালিশে যায় ঘুঘুদিয়া গ্রামের রহমান মিয়া। সেখানে পূর্বশত্রুতার জের ধরে রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল অ্যান্ড কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূ রোজী আক্তার রিনা সাভার পৌরসভার দক্ষিণ দড়িয়ারপুর এলাকার মৃত মোন্নাফ হোসেনের স্ত্রী। তবে নিহতের কোনো সন্তান না থাকায় সে ঐ বাড়িতে একাই বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বলেন, রাতে কোনো একসময় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ঐ নারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঐ নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই সে তার বাড়ির নিচতলার একটি কক্ষে একাই বসবাস করতেন।
