বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন প্রশ্নে রিটের আদেশ আজ

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

বিদেশফেরত যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল বুধবার এ শুনানি হয়। আজ বৃহস্পতিবার এই আবেদনের ওপর আদালত আদেশ দেবে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য ও রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব শুনানি করেন। পরে দেবাশীষ ভট্টাচার্য বলেন, আদালত সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ কী সেটা জানতে চেয়েছে। আমি এ বিষয়ে জেনে আদালতকে অবহিত করব।