বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে : তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৯

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকে স্বীকার করতে যারা ব্যর্থ হয়েছে, তারা ধীরে ধীরে নিজেরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’ গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

 ‘করোনা ভাইরাসের যে আতঙ্ক বিশ্বব্যাপী এর মধ্যেও মুজিববর্ষ নিয়ে মানুষের উত্সাহ-উদ্দীপনার কোনো কমতি ছিল না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতি বিনম্রচিত্তে, শ্রদ্ধাভরে জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে এবং বছরব্যাপী নানা অনুষ্ঠানমালা পালন করবে। কিন্তু একটি পক্ষ যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে সাংবাদিক মিজানুর রহমান মজুমদার, মনিমা সুলতানা, আখতার জাহান মালিক, শাহনাজ সিদ্দীকী সোমা প্রমুখ আলাচনায় অংশ নেন।