সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:২৬

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাড়তে থাকায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সরকার। একান্ত প্রয়োজন ছাড়া দর্শনার্থীদের পাশ না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে  সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

এছাড়া সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। কারো তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হলে তাকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গতকাল বুধবার সচিবালয়ের এক ও দুই নম্বর গেটের মাঝখানে দর্শনার্থী প্রবেশের কক্ষটিতে গিয়ে দেখা গেছে, সেখানে টেবিল পেতে তাপমাত্রা মাপার দুটি যন্ত্র নিয়ে বসে আছেন সচিবালয় ক্লিনিকের দুজন নার্স।

সচিবালয়ে দায়িত্বপালনকারী নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, করোনা আতঙ্কে দর্শনার্থীরাই এখন কম আসছেন। এছাড়া মন্ত্রণালয়গুলোকে পাশ ইস্যু করতে নিরুত্সাহিত করা হচ্ছে।

তিনি আরো জানান, অন্যান্য সময়ে দৈনিক দর্শনার্থীদের সংখ্যা গড়ে ১ হাজার ৫০০ থাকলেও এখন তা ১ হাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। গত ৩ মার্চ ১ হাজার ৫২৫ জন দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করেছে। গত ১৫ তারিখে দর্শনার্থী ছিল ১ হাজার ১৭৯ জন। আজকে দর্শনার্থী ১ হাজারও হবে না।