বাইডেনের হ্যাট্রিক জয়ে বড়ো ধাক্কা খেলেন স্যান্ডার্স

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০০:৩৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়নে হ্যাট্রিক জয় পেলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনটি রাজ্যে তার জয়ে বড়ো ধাক্কা খেলেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী বার্নি স্যান্ডার্স। এর মাধ্যমে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী মনোনয়নের দৌঁড়ে বাইডেন আরো একধাপ এগিয়ে গেলেন। খবর আল জাজিরা’র

স্থানীয় সময় মঙ্গলবার ইলিনয়, ফ্লোরিডা ও অ্যারিজোনায় প্রাইমারি অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভোট শেষ হওয়ার পর দ্রুত বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়। ইলিয়ন রাজ্যে ভোট শেষ হওয়ার আধা ঘন্টা পরই জানানো হয় যে, বাইডেন জয় পেয়েছেন। আর অ্যারিজোনায়ও বাইডেনের জয়ের খবর দ্রুত ছড়ায়। আফ্রিকান-আমেরিকান এবং শ্বেতাঙ্গরা বাইডেনের পক্ষে ভোট দিয়েছেন বলে বুথ ফেরত জরিপে জানা যায়। আর তরুণ ভোটাররা স্যান্ডার্সের পক্ষে অবস্থা নিয়েছেন। জয়ের পর বাইডেন তরুণদের উদ্দেশ্যে বলেছেন, ভেদাভেদ ভুলে সবাইকে তার পক্ষে লড়াই করতে হবে। বর্তমান অবস্থায় স্যান্ডার্সের পক্ষে মনোনয়ন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ তিনি ইতোমধ্যে বাইডেনের চেয়ে ১৫০ ডেলিগেট পেছনে আছেন।