করোনার উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে যাচ্ছে ইতালি!

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০১:০৮

বিশ্বের বুকে এখন এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। মরণ ব্যাধি এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহান প্রদেশ। যেখানে দিন দিন কমে আসছে আক্রান্ত বা মৃতের সংখ্যা। কিন্তু ইতালিতে এই  ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।  ধারণা করা হচ্ছে আগামী দুই-এক দিনের মধ্যে মরণ ব্যাধি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃতের সংখ্যার কাতারে আসবে ইতালি। এই দেশটিতে বুধবার (১৮ মার্চ) মারা গেছে ৪৭৫ জন। যেখানে চীনে মারা গেছে ১১ জন। 

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।  ১৮ মার্চই দেশটিতে ৪৭৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে ইতালিতে সব মিলিয়ে মারা গেলেন ২ হাজার ৯৭৮ জন। অপরদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত চীনে মৃত্যুর হার এবং নতুন করে আক্রান্তের হার অনেক কমে এসেছে। চীনে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনের। 

আরও পড়ুন: ৭৯০ কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল

অপরদিকে ইতালিতে নতুন করে আক্রান্তের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। যেখানে চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ১৩ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন।


                                                      ১৮ মার্চে বিশ্বে করোনা ভাইরাসের  পরিসংখ্যান


এদিকে সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে ১৮ মার্চ পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৮৭ জনের।

ইত্তেফাক/এসআই