লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
স্বামীর জন্য ভোট চেয়ে মাঠে নেমেছেন নড়াইল-২ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৫টি উঠান বৈঠক করেন তিনি। এ সময় সুমনা হক সুমি বলেন, মাশরাফি নির্বাচনে প্রার্থী হয়েছে নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, তার নির্বাচনী এলাকা নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। তাই আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবেন।
উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া, কালিনগর, ব্রাহ্মনডাঙ্গা, নলদী এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে মাশরাফির জন্য নৌকা প্রতীকে ভোট চান তার পত্নী। এ সময় সুমীর সাথে ছিলেন লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, যুবলীগ নেতা নূর আলম শিহাব প্রমুখ।
