হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগ 

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৭:৩৯

করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসা না করায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে বাবুল চৌধুরী (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাবুল চৌধুরীর বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়বাংলা ব্রিজ এলাকায়।

রোগীর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুল চৌধুরীকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত  চিকিৎসক তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা করিয়ে আনতে বলেন।  কিন্তু বহির্বিভাগ থেকেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।  অনেকক্ষণ হাসপাতাল গ্রাউন্ডে থাকার পর আবার বহির্বিভাগ থেকে জরুরি বিভাগে নিয়ে আসার সময় ওই রোগী মারা যায়।

রোগীর বড় বোন জাহানারা বেগম জানান, গত পাঁচ দিন ধরে তার ভাই বাবুল জ্বরে ভুগছিলেন।

আরো পড়ুন: কোয়ারেন্টাইন আদেশ অমান্য, দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীকে জরিমানা

এ ব্যাপারে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মনজুর মোরশেদ বলেন, ‘আমি সারাদিন করোনা মোকাবিলা নিয়ে বাইরে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তবে শুনেছি ওই রোগী সর্দি, কাশি ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) পরামর্শে তাকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন তা পরীক্ষা-নিরীক্ষা করার আগেই মারা গেছেন।’  

তবে চিকিৎসকের গাফিলতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম