জীবন, শব্দ থেকে নীরবতায়
সসীম থেকে অসীমে লীন হয়ে যায়।
পাখিদের সব কলতান-গান নয়
কিছু গান ক্রন্দন, বুকভরা বেদনা!
তবুও সব কলতান গান হিসেবে জানি।
সাধমাঝারের উঠান ও ঘরের পার্থক্য
কে বুঝিতে পারে পাখির ভাষায়?
জীবনের সব হাসি-আনন্দ নয়
কিছু হাসি গোপন কান্না, ভেতরের বালুচর—
ক্ষয়ে যাওয়া নদী।
কিছু নদী অশ্রু দিয়ে গড়া
কিছু ফুল রক্তাক্ত-রক্তজবা।
তবুও সূর্য ওঠে-স্নিগ্ধ আলোয় ভরে ওঠে পৃথিবী
নদীর কোমল বাতাস ধুয়ে দেয় সকল গ্লানি।
জীবন যেন আনন্দের আশ্রম—বেদনার পুকুর
যে পুকুরপাড়ে ওই আশ্রমটি বিশ্রাম নেয়—
জন্ম থেকে মৃত্যুর দর্শনে।
