পায়ের তলায় মাটি

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৫৩

স্বাধীনতা স্বর্ণালী রোদ

            ঘাসফড়িঙের ডানা

ঝলমলানো আলোকরাশি

            স্বচ্ছ শামিয়ানা।

 

স্বাধীনতা নীল জলাশয়

            পাবদা-পুঁটির নাচা

ফুল-পাতাতে উপচে পড়া

            কুমড়ো-লাউয়ের মাচা।

 

স্বাধীনতা মিষ্টি বিকেল

            বিষ্টি-রোদের খেলা

চুপ চুপ চুপ চড়ুইভাতি

            মধুর ছেলেবেলা।

 

স্বাধীনতা রঙধনু রঙ

            সপ্তরঙা আলো

মেঘ গুড়গুড় বর্ষা শেষে

            ফর্সা আকাশ ভালো।

 

স্বাধীনতা ইচ্ছেখাতা

            খোকার আঁকিবুকি

ভরদুপুরে কলসি কাঁখে

            জলকে চলা খুকি।

 

স্বাধীনতা স্বর্গভূমি

            পুণ্য বসতবাটি

বুকভরা সুখ-স্বপ্ন-আশা

            পায়ের তলায় মাটি।