গত কয়েকদিন আগে হঠাত্ মাঝরাতে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে দেখলাম বিয়ের অনুষ্ঠান। সাউন্ড সিস্টেমে গান চলছে আর এই মাঝরাতে ছেলেরা উদ্যম নৃত্য করছে। এই গানের অনুষ্ঠান শেষ হলো ভোর ৪টা ৩০ মিনিটে। সারা রাত বিয়েবাড়িতে গান চলেছে আর আশেপাশের বিল্ডিংয়ের অসহায় মানুষগুলো ঘুমোতে না পেরে বিছানায় ছটফট করছে। আরো কষ্টকর ব্যাপার হচ্ছে, তখন পিএসসি পরীক্ষা চলছিল। অসংখ্য ছাত্রছাত্রী ঠিকভাবে ঘুমোতে পারেনি। যারা অনুষ্ঠানের আয়োজন করেছিল নিশ্চয় তারা শিক্ষিত মানুষ। কিন্তু সাধারণ জ্ঞানের অভাব ছিল। তাঁদের বোঝা উচিত ছিল আশেপাশে কেউ অসুস্থ থাকতে পারে। বিয়ের অনুষ্ঠান আয়োজনকারীদের মতো অনেককেই দেখা যায় যারা কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে সারা রাত উচ্চশব্দে গান-বাজনা করে সাধারণ মানুষকে অসুস্থ করে তুলছে। বিয়ে ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও আমরা এইরকম অবস্থা দেখতে পাই। দেশ উন্নত হচ্ছে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাচেতনার পরিবর্তন করতে হবে। আমাদের ভাবতে হবে, আমরা যেন কারো বিরক্তির কারণ হয়ে না দাঁড়াই। আমার পাশের প্রতিবেশীর কথা অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। অনুষ্ঠান করব কিন্তুআরেকজনের ক্ষতি করে কিছুর আয়োজন করব না। নির্মল এবং কোলাহলমুক্ত পরিবেশ সৃষ্টির দায়িত্ব আমাদের সবার। চেষ্টা করব শব্দদূষণ থেকে সমাজকে যেন রক্ষা করতে পারি। আসুন নিজেকে পরিশুদ্ধ করে তুলি।
রূপম চক্রবর্ত্তী
পূর্বনলুয়া,সাতকানিয়া, চট্টগ্রাম
