সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী আজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

কবির বাড়িতে আনন্দ আয়োজন

ইত্তেফাক রিপোর্ট

সব্যসাচী লেখক, কথাশিল্পী, কবি সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ তাঁর গুলশানের বাসভবনে রয়েছে বই প্রকাশনাসহ বিভিন্ন অনুষ্ঠান। সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

কবির সহধর্মিনী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক ইত্তেফাককে জানান, সৈয়দ হকের  জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর গুলশান-১’এর বাসভবন ‘মঞ্জুবাড়ি’তে বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আনন্দ-উত্সবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সৈয়দ শামসুল হকের তিনটি নতুন বই। তাঁর অনূদিত ইবসেন-নাটক পীরচানের পালা (চারুলিপি প্রকাশন), নির্বাচিত গল্পের সংকলন গল্পগাথা (চিত্রা প্রকাশনী) এবং সাহিত্য-কলামের সংকলন জলেশ্বরীর দিনপত্রী (অরিত্র প্রকাশনী)। এ আয়োজনে সভাপতিত্ব করবেন সৈয়দ হকের সর্বাধিক নাটকের নির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সৈয়দ শামসুল হক স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে এবং পরে সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ করবে। ২৯ ডিসেম্বর  একাডেমির উদ্যোগে মঞ্চস্থ করবে নাটক ‘হেমলেট’।