দেশব্যাপী বিনা মূল্যে মাস্ক দেবে ইএসডিপি

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:২৪

করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সারাদেশে বিনা মূল্যে মাস্ক বিতরণ করবে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ইএসডিপি) উদ্যোক্তারা। আগামী রবিবার থেকে ৬৪টি জেলায় এ মাস্ক বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে ২৫ লাখ মাস্ক দেওয়া হবে। পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়বে। গতকাল রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সেমিনার কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ইএসডিপি প্রকল্পের পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা এম মানিকুজ্জামান ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন। এ প্রকল্পের অধীনে ৬৪টি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান। এ প্রকল্পের মাধ্যমে ২৪ হাজার শিক্ষিত বেকার যুব পুরুষ ও মহিলা প্রশিক্ষণ পেয়েছেন।