বিসিবির সঙ্গে নেইল ম্যাকেঞ্জির চুক্তিটাই সীমিত ওভারের দুই ফরম্যাটের জন্য। ওয়ানডে, টি-২০ তে বাংলাদেশের ব্যাটিং কোচ এই আফ্রিকান। গত বছরের শেষদিকে ভারত সফরে ম্যাকেঞ্জিকে লাল বলের ক্রিকেটেও পেয়েছিল বাংলাদেশ। রাসেল ডমিঙ্গোসহ সহকর্মীদের এবং বিসিবি অনুরোধের ঢেঁকি গিলে টেস্টে টাইগারদের সময় দিয়েছিলেন ম্যাকেঞ্জি। আবারও নিজের অবস্থানে ফিরে গেছেন তিনি। দুই ফরম্যাটের বাইরে সময় দিতে রাজি নন তিনি।
ম্যাকেঞ্জিকে নিয়োগের পর থেকেই টেস্ট ক্রিকেটের জন্য ব্যাটিং পরামর্শক খুঁজছিল বিসিবি। যদিও এতদিন কোনো আশাব্যঞ্জক খবর দিতে পারেনি বিসিবি। চলতি সপ্তাহে গণমাধ্যমে সংবাদ আসে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে লাল বলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজেই টাইগার শিবিরে দেখা যাবে কোহলিদের সঙ্গে পাঁচ বছর কাটিয়ে আসা বাঙ্গারকে। এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে সাবেক এই অলরাউন্ডার দাবি করেছেন, বিসিবির প্রস্তাব পেয়েছেন। এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। তবে ভবিষ্যতে বিসিবির সঙ্গে কাজ করার আশা রাখছেন এই ভারতীয়।
এদিকে গতকাল বিসিবিও বাঙ্গারের বিষয়ে সুস্পষ্ট কিছু বলেনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ব্যাটিং পরামর্শক পদে বাঙ্গার ছাড়াও কয়েকজনের সঙ্গে কথা বলছে বিসিবি। তবে এ বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু বলার সময় আসেনি।
বাঙ্গার বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জানাতেই গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা এখনো বলার সময় আসেনি। হতে পেরে (প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে)। আমরা চার-পাঁচ জনের সাথে যোগাযোগ করছি, কথা হচ্ছে। টার্মস এন্ড কন্ডিশনস তো সবার সাথে মিলবে না। তাই এই বিষয়ে বলার সময় এখনো আসেনি।’ এর আগে বিসিবির প্রস্তাব সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বাঙ্গার বলেছিলেন, ‘তারা (বিসিবি) আমাকে আট সপ্তাহ আগে প্রস্তাব দেয়। কিন্তু এর মধ্যে আমি স্টারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। এটা আমাকে ব্যক্তিগত ও পেশাগত দিকে ভারসাম্য আনতে সাহায্য করবে।’
প্রস্তাব ফিরিয়ে দিলেও ভবিষ্যতে তামিম-মুশফিকদের নিয়ে কাজ করতে চান বাঙ্গার। তিনি বলেছেন, ‘আমি ভবিষ্যতে বিসিবির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকব।’ ভারতের হয়ে ১২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা বাঙ্গারকে হাই প্রোফাইল কোচের মর্যাদা দিয়েছে কোহলিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত কাজ করেছেন তিনি ভারতীয় দলের সঙ্গে। ২০১৬ জিম্বাবুয়ে সফরে তো অন্তর্বর্তীকালীন হেড কোচের কাজও করেছেন তিনি।
জানা গেছে, বাঙ্গার নাকি স্বল্প মেয়াদে কাজ করতে সম্মত হয়েছিলেন। পূর্ণকালীন চুক্তিতে আবদ্ধ হতে রাজি নন তিনি। চলতি বছরের জুন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১১০ দিন কাজ করতে রাজি হয়েছিলেন তিনি।
বিসিবির নীরবতা অবশ্য টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে বাঙ্গারের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। কারণ এই ভারতীয়ও বলেছেন ভবিষ্যতে কাজ করতে চান তামিম-মুশফিকদের সঙ্গে। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় নিকট ভবিষ্যতে অনেক টেস্ট খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে টেস্টে মুমিনুল বাহিনীর জন্য একজন স্থায়ী ব্যাটিং কোচ সত্যিই আবশ্যক।
