ব্রাজিল ফুটবলার নেইমার ও থিয়াগো সিলভা ফ্রান্সে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় দেশে ফিরে গেছেন। দুই জনই ফরাসি রাজধানীর ক্লাব পিএসজিতে খেলেন।
ফ্রান্স গত মঙ্গলবার সীমান্ত বন্ধ করে দেয়, এর আগেই ব্রাজিল যেতে প্যারিস ছাড়েন নেইমার ও তার পিএসজি সতীর্থ থিয়াগো সিলভা। পিএসজি তাদের খেলোয়াড়দের ফ্রান্স ত্যাগের অনুমতি দিয়েছে। তবে প্যারিস কিংবা যেখানেই থাকুন না কেন তাদের সঙ্গনিরোধ পরিস্থিতিতে থাকার কথা বলা হয়েছে।
নেইমার ও সিলভার মতো খেলোয়াড় ও কোচিং স্টাফের অনেকেই ক্লাবের নিয়ম মেনে ফ্রান্স ছেড়েছেন। আবার অনেকে ফরাসি রাজধানীতে রয়ে গেছেন। তাদের এক জন নেইমার ও সিলভার জাতীয় দল সতীর্থ মার্কিনিয়োস।
বর্তমানে বিশ্ব জুড়ে কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে ইউরোপের অন্যান্য লিগের মতো বন্ধ রয়েছে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ান।
নেইমার অবশ্য শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ফ্রান্স ছেড়ে যাবেন না। বরং ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি সমর্থকদের সরকারের দেওয়া ‘পরামর্শগুলো অনুসরণের’ জন্য উত্সাহিত করেছিলেন। কিন্তু গত বুধবার লা প্যারিসিয়ান পত্রিকা জানায়, ২৭ বছর বয়সি এই ফুটবল তারকা নিজের দেশে ফিরে গেছেন।
