প্রস্তুতি চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩৩

করোনা ভাইরাসের কারণে অলিম্পিক অনুষ্ঠিত হওয়া নিয়েই সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, তারা ঠিকই অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে বাড়তি কিছু পদক্ষেপ নিতে হবে বলেও জানায় তারা।

গত বৃহস্পতিবার নিজেদের প্রধান কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাহী ম্যাট ক্যারোল ও শেফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনাই মানার সিদ্ধান্ত নেন। চেস্টারম্যান বলেন, ‘বাকি সবাই যদি গেমসের জন্যে পরিকল্পনা করে তবে আমাদেরও গেমসের জন্যে পরিকল্পনা করতে হবে। অ্যাথলেটদের করোনা ভাইরাসমুক্ত রেখে গেমসে নিয়ে যাওয়াই আপাতত মূল লক্ষ্য। বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে আইওসি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমাদের বিশ্বাস রাখতে হবে।’ তিনি আরো যোগ করেন, ‘তাদের দুটো প্রধান মূল নীতি হলো অ্যাথলেটদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা এবং ভাইরাসকে আটক রাখতে সহায়তা করা।’

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১২ হাজার মানুষ। আর প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৭০০ জনের। এরপরও টোকিওর আয়োজকরা এবং আইওসি আসছে জুলাই মাসে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসেনি। তবে ক্রীড়াবিশ্বের অন্য সব ভবিষ্যত্ প্রতিযোগিতাগুলো এরই মধ্যে বাতিল হয়ে গেছে। কোপা আমেরিকা ও ইউরো আগামী জুনে হবার কথা থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা। মে’তে অনুষ্ঠেয় ফরাসি ওপেনও পিছিয়ে গেছে একই কারণে। এসব টুর্নামেন্টের পিছিয়ে যাওয়ার খবর অলিম্পিককেও রাখছে দারুণ চাপে। আর ১৬ সপ্তাহ পরেই অলিম্পিকের জন্যে দেশ ছাড়বে অস্ট্রেলিয়ান অলিম্পিক খেলোয়াড়রা। ফলে এখনই সিদ্ধান্ত নেওয়ার কোনো তাড়া দেখছে না অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি।

প্রধান নির্বাহী ক্যারোলের ভাষ্য : ‘আমাদের হাতে এখনো চার মাস সময় আছে। এক মাস আগে এই ভাইরাসের অবস্থাটা চিন্তা করুন। তখন থেকে এখন অবস্থাটা পরিবর্তিত হয়েছে অনেক। আগামী চার থেকে ছয় মাসে কী ঘটবে তা কেউ জানে না। তাদের আজই একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। তারা একটা পরিমিত পদ্ধতি অবলম্বন করছে। সম্ভাব্য সেরা পরামর্শটাই পাচ্ছে অ্যাথলেটরা। যদি পরিস্থিতি পালটায় তবে আইওসির সিদ্ধান্তই পরিবর্তিত হবে।’ তবে চেস্টারম্যানের পূর্বসূরী ও অস্ট্রেলিয়ার হয়ে রোয়িংয়ে সোনা জেতা নিক গ্রিন জানিয়েছেন এ অবস্থায় সময়মতো টোকিও গেমস করাটা কঠিনই হবে। তিনি বলেন, ‘এক সপ্তাহ আগেও আর সবার মতো আমিও আত্মবিশ্বাসী ছিলাম। বলছিলাম যে, অলিম্পিক সময়মতোই হবে, কোনো সমস্যা নেই। এ ব্যাপারে বেশ বলিষ্ঠ ছিলাম কিন্তু এখন একই রকম জোর নেই আমার চিন্তায়। সত্যি বলতে কীভাবে এই গেমটা এই সময়ে হবে সেটাই দেখতে পাচ্ছি না।’