চীনে প্রথম আক্রান্ত ফুটবলার

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩৪

চীনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই চাইনিজ সুপার লিগের মাঠে ফেরার গুঞ্জন শুরু হয়েছিল। তবে চীনে প্রথমবারের মতো কোনো ফুটবলারের করোনা ভাইরাসে সংক্রমিত হবার খবর আপাতত সে সম্ভাবনা ভেস্তে দিয়েছে।

গত বুধবার রাতে চীনা কর্তৃপক্ষ জানায়, মিজু হাক্কা নামক দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের এক অজ্ঞাতনামা সদস্য করোনায় আক্রান্ত হয়। দেশটিতে কোনো ফুটবলারের করোনাক্রান্ত হবার নজির এটিই প্রথম।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনার উত্পত্তি হয়। এরপর প্রথম লিগ হিসেবে গত ফেব্রুয়ারি মাসে নিজেদের সব ধরনের কার্যক্রম স্থগিত করে চাইনিজ সুপার লিগ। তারপর পুরো এশিয়া জুড়ে ধীরে ধীরে লিগগুলো নিজেদের কার্যক্রম বন্ধ করেছে। দক্ষিণ কোরিয়া, জাপানিজ লিগ স্থবির, বন্ধ হয়ে গেছে এশিয়ার ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর এএফসি কাপও।

তবে শেষ কিছুদিনে ধীরে ধীরে চীনের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে শুরু করেছে। ফলে ‘সিএসএল’ শিগগিরই মাঠে ফেরার আশাবাদও পাল্লা দিয়ে বাড়ছিল। কিন্তু গত বুধবার এই ফুটবলারের করোনাক্রান্ত হবার ঘটনায় আপাতত সিএসএল ফেরার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে এসেছে।