ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৮ কোটি টাকাসহ গ্রেফতার হওয়া তিন জনকে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান রিমান্ডের এ আদেশ দেন। এ তিনজন হলেন ইউনাইটেড কর্পোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জিএম (এডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্র পক্ষ আদালতকে বলেন, আসামিদের কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য দুবাই থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী নুর উদ্দিন অপুর কাছে টাকা পাঠানোর কাগজপত্র যাচাই করে দেখা গেছে তাকে তিন কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। তাই এ ঘটনার সঙ্গে আরো কারা জড়িত তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। মঙ্গলবার মতিঝিলের সিটি সেন্টার থেকে আসামিদের গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক।
