গাজীপুরে বাজার মনিটরিংয়ে আট টিম

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:১২

গাজীপুর মহানগরীর বিভিন্ন বাজারে নিত্যপণ্য বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ গতকাল সকাল থেকে বাজারগুলোতে ভিড় করতে থাকে। অনেকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ পণ্য কিনেছেন। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা সব প্রকার পণ্যের বাড়তি দাম নিচ্ছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন। এ খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুপুরে নগরীর কয়েকটি বাজার পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, কোনো ব্যবসায়ী যাতে অহেতুক পণ্যের দাম বেশি নিতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখছি। বাজার পরিস্থিতি মনিটরিং করতে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে আটটি টিম গঠন করা হয়েছে। দায়িত্বে আছেন আট জন ম্যাজিস্ট্রেট। সার্বক্ষণিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো রকম অনিয়মের খবর পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।