হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন করায় সাভারে জার্মান ও পর্তুগাল প্রবাসী দুই যুবকের বিয়ের আয়োজন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান। পৌর এলাকার ডগরমোড়া ও আশুলিয়ার ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঐ দুই যুবকসহ ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এলাকাবাসী জানায়, পাঁচ দিন আগে পর্তুগাল থেকে এক প্রবাসী পৌর এলাকার ডগরমোড়া এলাকায় নিজের বাড়িতে ফিরে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও সেটা না মেনে তার পরিবার বুধবার বিয়ের আয়োজন করে। স্থানীয়রা বিয়ের বিষয়টি প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আয়োজন ভেঙে দেন। পরে ঐ যুবককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। একইভাবে আশুলিয়ার ধলপুরে জার্মান প্রবাসী এক যুবক নিজের বাড়িতে এসে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেয় এবং বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।
অন্যদিকে সিঙ্গাইরের হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে সাভারে অবস্থান নেওয়া এক মা ও তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার একটি ভাড়া বাড়িতে অভিযান চালান সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। তবে তারা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
