কমেপ্রসার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর শ্যামপুর আলীবহর এলাকায় আলম রাবার ফ্যাক্টরিতে কমেপ্রসার মেশিন বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নাসির। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় মোফাজ্জল ও বাবুল নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

নিহত নাসিরের সহকর্মী হূদয় হোসেন জানান, তারা আলম রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। গতকাল সকালে নাসির, মোফাজ্জল ও বাবুল কমেপ্রসার মেশিনে কাজ করছিলেন। এসময় মেশিনটি হঠাত্ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্বরত চিকিত্সক নাসিরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মোফাজ্জল ও বাবুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, কারখানায় গাড়ির টায়ার বানানো হতো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।