শরীরে পুষ্টি জোগান দেওয়ার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন। সব খাদ্য যেমন উপকারী নয়, তেমনি যেনতেন করে খাদ্য গ্রহণ করলেই শরীর যথাযথ পুষ্টি পায় না। বাছ-বিচার করেই সুষম খাদ্য বেছে নেওয়া উচিত। এজন্য কিছু নিয়ম-কানুনও মেনে চলতে হয়—সুস্থ জীবনের জন্য। নিয়ম অনুযায়ী খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারী। পক্ষান্তরে, অনিয়মিত এবং বিশৃঙ্খল অবস্থায় খাদ্য গ্রহণ অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। এক দল জাপানি গবেষক তেমন তথ্যই প্রকাশ করেছেন। তাদের ভাষায় গোগ্রাসে তড়িঘড়ি খাদ্য গ্রহণের ফলে যে কোনো বয়সের যে কোনো লোকের মুটিয়ে যাওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ বেড়ে যেতে পারে।
