হঠাত্ বিএনপির জার্সি গায়ে দেওয়া প্রার্থীদের ভোটাররাই জবাব দেবে ---- ফিরোজ রশীদ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা-৬ আসনে ‘লাঙ্গল’ প্রতীকে মহাজোটের একক প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, এমন কিছু প্রার্থী এবার ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করছেন যারা জীবনেও বিএনপির রাজনীতি করেননি। বরং আদর্শিক দিক থেকে তারা শুরু থেকেই বিএনপিবিরোধী ছিলেন। এখন হঠাত্ বিএনপির জার্সি গায়ে দিয়ে তারা ভোটের মাঠে নেমেছেন। এদের নিজস্ব কোনো মার্কা নেই। তাই ধানের শীষের উপর ভর করে চলছেন। আমার প্রতিদ্বন্দ্বীকে বিএনপির মাঠ পর্যায়ের কেউ চেনেন না। এখানে যদি বিএনপির কোনো পরীক্ষিত বন্ধু আমার প্রতিপক্ষ হতেন তাহলে আমি যেমন খুশি হতাম, পাশাপাশি বিএনপির ত্যাগী নেতা-কর্মীরাও উত্সাহ পেতেন। নকল করা শিক্ষার্থীদের কাছে জাতি যেমন ভালো কিছু আশা করতে পারে না তেমনি জার্সি নকল করা প্রার্থীদের কাছ থেকেও জনগণ ভালো কিছু আশা করতে পারে না। এরকম নকল বিএনপি প্রার্থীদের ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন।

ফিরোজ রশীদ গতকাল বুধবার তার নির্বাচনী এলাকায় কয়েকটি পথসভায় এলাকাবাসীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের ঢাকা মহানগর নেতা হেদায়াতুল ইসলাম স্বপন, আশিকুর রহমান লাভলু, আইয়ুব আলী খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলো, হাজী ফারুকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাপার নেতা-কর্মীরা ফিরোজ রশীদের সঙ্গে গণসংযোগে অংশ নেন।