ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সা নিতে এসে বুধবার সন্ধ্যায় করোনা ভাইরাসের লক্ষণ আছে শুনেই হাসপাতাল থেকে পালিয়েছেন এক কাতার প্রবাসী। তার বাড়ি জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধনতলিয়া গ্রামে। জেলা স্বাস্থ্য বিভাগ ঐ প্রবাসীর সন্ধান পেতে কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ঐ প্রবাসী গত ৩ মার্চ কাতার থেকে দেশে ফিরেছেন বলে জানতে পেরেছি। কাউকে না জানিয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয় ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়েছে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত্ রায় বলেন, আমরা বিষয়টি সকালে নিশ্চিত হয়েছি। রোগীর বাড়িতে একটি টিম পাঠিয়েছি।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, নিজেকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক রোগী পালিয়ে গেছেন। পলাতক রোগী জরিনা বেগম কাফ্রিখাল ইউনিয়নের মকরমপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. আহসান কবীর বলেন, তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। করোনা নিয়ে আলোচনা শুনে তিনি ভয়ে চলে গেছেন। খুব সম্ভবত গুজবের কারণে এমনটি হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, মিঠাপুকুরে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। জরিনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি গুজব। করোনা নিয়ে গুজব ছড়ানোর কারণে তিনি ভয়ে হাসপাতাল থেকে চলে যেতে পারেন।
