মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়াল

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:৩০

বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯ হাজার এবং আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া খবর পর্যন্ত পৃথিবীর মোট ১৭৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বেশ কিছু দেশে ভাইরাস আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ১৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৭৯২ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উত্পত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯২৮ জন। এদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৪২০ জন। খবর বিবিসি, রয়টার্স ও আল জাজিরার।

চীনের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে নতুন করে ৪ হাজার ২০৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সেখানে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন। প্রাণ হারিয়েছে তিন হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ২৫ জন। ইতালিতে দুই হাজার ৬২৯ জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এর প্রকোপ এতটাই ছড়িয়ে পড়েছে যে, সেখানকার অবরুদ্ধ (লক ডাউন) পরিস্থিতি এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটিতে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ৮.৩ শতাংশই চিকিত্সক এবং নার্স।

ইরানে  এক দিনে আরো ১৪৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। সেখানে ১৮ হাজার ৪০৭ জন মানুষ আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৭১০ জন। করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে নতুন করে ২০৯ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ জন। করোনা ভাইরাসে রাশিয়া ও মেক্সািকোতে বৃহস্পতিবার প্রথম বারের মতো মৃত্যুর কথা জানা গেছে। প্রতিবেশী ভারতে একজনের মৃত্যুর মধ্য দিয়ে মোট চার জন এবং পাকিস্তানে আরো এক জনের মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মোট দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর উপত্যকা জুড়ে রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের মহামারি মোকাবিলা করতে গিয়ে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি নাগরিকদের অবরুদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন। জার্মানিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩২৭ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৬০ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৮ জন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৫ জন। মার্কেল বলেন, ‘পরিস্থিতি মারাত্মক। একে মারাত্মকভাবেই নিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের দেশের সমন্বিত সংহতির প্রতি আর কোনো কিছুই এমন মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি।’ করোনা ভাইরাস মোকাবিলায় ফ্রান্সে দুই সপ্তাহের অবরোধের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার প্রধান বৃহস্পতিবার বলেছেন, ভাইরাসটি ছড়িয়ে পড়া মোকাবিলায় ফ্রান্সের নাগরিকদের নিজ বাসায় অবরুদ্ধ থাকার মেয়াদ দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ বাড়ানো জরুরি হতে পারে।