তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে দেশের যে কোনো এলাকা ‘শাটডাউন’ করা হবে। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে দেশের টেলিভিশন ও নাট্যাঙ্গণ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।
বিদেশ থেকে অনেক বাংলাদেশির ফিরে আসার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘যেমন অনেক জায়গায় দেখা গেছে প্রচুর প্রবাসী চলে এসেছে। তারা যেথানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে কারো থাকলে সংক্রমণ হবে, এ সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তবে এই সিদ্ধান্ত আজ একনেকে হয়নি।’ করোনা ভাইরাস নিয়ে গুজব না ছাড়ানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘একটি গুজব ছড়ানো হয়েছে ইউনাইটেড হাসপাতালের চারজন ডাক্তার আক্রান্ত হয়েছে। এ ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
আওয়ামী লীগের পক্ষ থেকে সব রাজনৈতিক সমাবেশ স্থগিত করা হয়েছে বলেও জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অন্যান্য যে জনসমাগম হয় এসব সীমিত করা প্রয়োজন দেশকে দুর্যোগ থেকে রক্ষা করার জন্য। দেশকে রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’ সভায় নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘ইলেক্ট্রনিক মিডিয়াতে কয়েক হাজার কর্মী কাজ করছে। শুটিং বন্ধ করে দিলে টেলিভিশনের স্বাভাবিক অনুষ্ঠানমালা বিঘ্ন হবে। মিডিয়াতে প্রচুর সংখ্যক কর্মী আছে যারা দিন আনে দিন খায় মতো অবস্থা, তাদের কথা বিবেচনায় আনতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ১৩টি সংগঠনের সঙ্গে বসে নেব কবে থেকে কর্ম বিরতিতে যাব। ২২ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত কর্মবিরতিতে যাব যদি সব সংগঠন চূড়ান্ত সিদ্ধান্তে আসে।’
