কুড়িগ্রামের সাবেক ডিসিসহ ৪০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:৩৭

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে বস্ত্রহীন করে নির্মম নির্যাতন, ভিডিও ধারণ, এনকাউন্টারে দেওয়ার হুমকি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগ দায়ের হয়েছে সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, দুই ম্যাজিষ্ট্রেট রিন্টু বিশ্বাস চাকমা ও রাহাতুল ইসলামসহ ৪০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে। কুড়িগ্রাম সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন সাংবাদিক আরিফুলের পক্ষে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের কাছে অভিযোগপত্রটি হস্তান্তর করেন বাংলা ট্রিবিউনের ক্রাইম রিপোর্টার নুরুজ্জামান লাবু।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাত সোয়া ১২টায় অভিযুক্তরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুলের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করে তাকে তুলে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এনকাউন্টারের চেষ্টা চালায়। পরবর্তীতে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আবারও নির্যাতন করে মাদকের মামলা দিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে জেলে পাঠায়।

জমি উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি জানান, দীর্ঘ ১৪ বছর পর কুড়িগ্রামের প্রত্যাহারকৃত জেলা প্রশাসক সুলতানা পারভীনের পরিবারের সদস্যদের কাছ থেকে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি বুঝে পেলেন আমিরুল ইসলাম। গত বুধবার ঢাক ঢোল পিটিয়ে ও লাল কাপড় টাঙিয়ে         জমির দখল বুঝিয়ে দেন পঞ্চগড় জেলা জজ আদালতের নাজির তমিজ উদ্দিনসহ কর্মকর্তা ও পঞ্চগড় থানা পুলিশের সদস্যরা।

জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামের আমিরুল ইসলাম গং ডিসি সুলতানার পরিবারসহ কয়েকজনের বিরুদ্ধে ২০০৬ সালে বাটোয়ারা মামলা দায়ের করেছিলেন। আমিরুল ইসলাম ডিক্রি পাওয়া প্রায় ১১ বিঘা (৩.৬৮ একর) জমি দখল বুঝে পেয়েছেন। এসময় জনপ্রতিনধিসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তবে জমি দখলে রাখা কোন ব্যক্তিই সেখানে উপস্থিত ছিলেন না।  দীর্ঘ ১৪ বছর ধরে সুলতানা পারভীনের বাবা, চাচা, ভাই মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, বাবুল হোসেন, ফারুক হোসেনসহ পরিবারের সদস্যরা জাল দলিল করে জমিটি জোরপূর্বক ভোগদখল করছিলেন বলে অভিযোগ করা হয়। ডিসি ও এসপির স্বজন হওয়ায় এতোদিন তাদের দাপটে জমিতে জেতে পারেননি বলে অভিযোগ করেছেন আমিরুল ইসলাম।