আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর থেকে কঠোরতর হতে হবে। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে তাদের আটক করতে হবে। এ ব্যাপারে কোনো উদারতা ও দয়ামায়া দেখানো যাবে না। কারণ তাদের কারণে ভাইরাসটি দেশে ছড়িয়েছে। জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থাপনায় বিদেশ থেকে করোনা শনাক্তকরণ কিট ও ডাক্তার-নার্সদের সুরক্ষার জন্য পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) আনার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক বাংলাদেশকে আঘাত করেছে। করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। এই প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে যাওয়ার কোনো বিকল্প নেই।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় পার্টির-জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাসদের মোহসিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
