কাস্টমস কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
জৈন্তাপুর (সিলেট) : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর শিকার খাঁ স্কুলের সামনে বুধবার ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে সেলিনা ফারহানা (৩৪) নামে এক জন নিহত হয়েছেন। তিনি তামাবিল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আহত হয়েছেন আরো তিন জন
মান্দা ( নওগাঁ) : ট্রাকের চাপায় দেওয়ান আকবর আলী (৫৫) নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। আকবর মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। গতকাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর নামক স্থানে (সামাদের ভাটাসংলগ্ন) এ ঘটনা ঘটে।
পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বেলায়েত হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল জয়পুরহাট-হিলি সড়কের বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা
ঘটে। বেলায়েত উপজেলার কুসুম্বা ইউনিয়নের লাটপাড়া গ্রামের বাসিন্দা।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় বুধবার চিকিত্সাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মৃধার মৃত্যু হয়। তিনি উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের বাসিন্দা। শাহজাহান মৃধা মঙ্গলবার ইজিবাইকে নিজ বাড়িতে যাওয়ার পথে রাজিহার কালীবাড়ী মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
বড়াইগ্রাম (নাটোর) : আহম্মেদপুর বাসস্ট্যান্ডে রং সাইডে বাস ঢুকে পথচারী এক স্কুলশিক্ষককে চাপা দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় দুই ঘণ্টা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বিক্ষোভকারীদের তিন দফা দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেন। দেশ ট্রাভেলসের ঐ বাসের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
