ঢাবি শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:৩৮

করোনা ভাইরাসের হুমকির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ও চিকিত্সাসংশ্লিষ্ট বিষয়ের জন্য রেসপন্স কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। এছাড়া আজ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের-কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছুটি ২৮ মার্চ থেকে সময় বাড়িয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ করা হয়েছে সিন্ডিকেট সভায়।

সর্বশেষ ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ ীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর। প্রায় এক যুগ পর ফের হলগুলো বন্ধ করতে হলো দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম করোনা ভাইরাসের হুমকির কারণে।

‘করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি’ নামক রেসপন্স কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবীকে আহ্বায়ক করা হয়। এছাড়া অন্য পাঁচ সদস্য হলেন—ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত এবং প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুত্তাফী।