শিল্পের কাঠামোগত শিক্ষা নেননি তিনি। তিনি ছবি আঁকেন প্রাণের টানে, সৃষ্টির ভালোবাসায়। পেশায় সাংবাদিক বলে যে, শিল্পী জাহাঙ্গীর আলম শিল্পের পাঠ নেননি এ কথা বলা যাবে না। দীর্ঘদিন ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিওর ‘রেসিডেন্স আর্টিস্ট’ হিসেবে কাজ করায় জলরং ওয়াশ পদ্ধতির একটি নিজস্ব শৈলী তৈরি করেছেন। রং মিশ্রণের পরিপক্বতা তার চিত্রকলার অনন্য গুণ। পৃথিবীর মাটি-জল-অরণ্যের হূদয়ের সুর যেন তিনি অনুভব করেন। আর সেই জল জঙ্গলের সুরই কাব্য হয়ে ফুটে ওঠে তার ক্যানভাসে। চিত্রশিল্পী জাহাঙ্গীর আলমের ‘প্রাণের প্রশান্তি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে বনানীর ডেলভিস্তা সেন্টারের ঢাকা গ্যালারিতে।
গত বুধবার প্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি, শিল্পী মোহাম্মদ ইউনুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও শিল্প সংগ্রাহক ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান। সভাপতিত্ব করেন ঢাকা গ্যালারির প্রতিষ্ঠাতা স্থপতি ও শিল্পী মুস্তাফা খালিদ পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী জাহাঙ্গীর আলম। প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ঠিকানা; বাড়ি-৪৪, সড়ক-১২, ব্লক-ই, বনানী, ঢাকা।
