প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল সক্রিয় করুন ---------------- জাসদ

আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:৩৯

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর ধারা ২-এর উপধারা (২) অনুযায়ী করোনা পরিস্থিতিকে ‘আপদ’, ধারা ২-এর উপধারা (১১) অনুযায়ী ‘দুর্যোগ’ ঘোষণা করা এবং ধারা ২২-এর উপধারা (১) অনুযায়ী ঝুঁকি প্রবণ এলাকাসমূহকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে ধারা ৪-এর উপধারা (১) ও (২) অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল’ সক্রিয় করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়েছেন।

জাসদ নেতৃদ্বয় এই আইনের ১৩ ধারা অনুযায়ী ‘জাতীয় দুর্যোগ স্বেচ্ছাসেবক সংগঠন’ গঠন করা ও ধারা ১৪ অনুযায়ী ‘জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ’ গঠন ও কার্যকর করার পাশাপাশি ধারা ১৮-র উপধারা (১) ও (২) অনুযায়ী স্থানীয় পর্যায়ে, বিশেষত সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গ্রুপ সক্রিয় করার আহ্বান জানান।