বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি

মাদ্রাসাছাত্রীকে হত্যা ও তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:৪০

নরসিংদীর পলাশ উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে হত্যা এবং ঝিনাইদহের কোট চাঁদপুরে তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণসহ দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি, নিহত ছাত্রী ও শিশুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে পরিষদ এ দাবি জানান।

মহিলা পরিষদ ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শূন্য সহিষ্ণুতার নীতি সামনে রেখে প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্যক্তি ও নাগরিক সমাজকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।