করোনা ভাইরাসের কারণে খাগড়াছড়ির রামগড়ে আগামী রবিবার (২২মার্চ) অনুষ্ঠেয় বারুণী মেলায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নির্দেশ অমান্য করে লোকজন সমবেত হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে । শুক্রবার রামগড়ে তথ্য বিভাগের মাধ্যমে উপজেলা প্রশাসনের এ সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি মাইকে প্রচার করা হয়।
জানা যায়, প্রতি বছরই রামগড়-সাব্রুম সীমান্তের ফেনী নদীতে বারুণী স্নান উপলক্ষে দুই দেশের হাজারও মানুষের সমাগম হয়। ওই দিন অঘোষিতভাবে সীমান্ত খোলা থাকায় এপার-ওপারে যাওয়ার উদ্দেশ্যেই অধিকাংশ মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসেন। অবশ্য গত দুই বছর ভারতের তরফে কঠোর অবস্থানের কারণে সীমান্ত পারাপারের সুযোগ পায়নি কেউ।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা বলেন, কোনো ভাবেই লোক সমাগম করা যাবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে সকলকে সচেতন ও সর্তক থাকতে হবে।
আরও পড়ুন: তাহিরপুরে ওরশ ও পুণ্যস্নান বন্ধ ঘোষণা
রামগড়ের সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানান, শনি ও রবিবারেও মেলায় নিষেধাজ্ঞার বিষয়ে প্রচারণা চালানো হবে।
এদিকে, রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাারিকুল হাকিম বলেন, সীমান্ত পারাপার ও নদীতে লোক সমাগম হতে দেবে না বিজিবি। অন্যদিকে, সীমান্তের ওপার থেকে বিভিন্ন সূত্রে জানা গেছে, বারুণী মেলা উপলক্ষে সীমান্তে বিএসএফের পক্ষ থেকেও কড়া অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
