নির্বাচনী সংঘর্ষে প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৮

বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘর্ষে গতকাল বুধবার আওয়ামী লীগ ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। এরমধ্যে পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব রয়েছেন। ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে নাশকতা মামলায় গতকাল ঢাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২৭টি মামলা রয়েছে মতিয়ারের বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে দেড় শতাধিক গ্রেফতার করা হয়েছে। ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে পুলিশ তল্লাশি করেছে। জয়পুরহাটের আক্কেলপুরের রেলগেট এলাকায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়, পঞ্চগড়ের আটোয়ারীতে অফিসের সামনে টাঙানো কাঠের তৈরি নৌকায় গতকাল ভোর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে গভীর রাতে ককটেল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাসা থেকে আটক ৯৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়েছে পুলিশ। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ঈশ্বরদী (পাবনা): গতকাল দুপুর ১২টার দিকে আলহাজ্ব হাইস্কুল মাঠে গণসংযোগকালে দুর্বৃত্তের হামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রার্থী  হাবিবুর রহমান হাবিবসহ পাঁচজন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, হাবিবের নিতম্বে ৪টি ছুরিকাঘাতের চিহ রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাকে পাবনায় পাঠানো হয়েছে। ওসি জানান, কারা হামলা চালিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহজনকভাবে ৮ জনকে গ্রেফতার করা হযেছে। সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আহম্মেদ আলী ভূইয়া জানান, এখানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত সুন্দর। অপ্রত্যাশিতভাবে ওই ঘটনা ঘটেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ: গতকাল বিকালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে তল্লাশি করেছে পুলিশ। পুলিশ জানায়, এক আসামির খোঁজে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির সময় কে বা কারা মসজিদের মাইকে মাইকিং করে প্রচারণা চালায় রেজা কিবরিয়ার বাসায় পুলিশ ও অজানা মানুষের আগমন হয়েছে। মাইকিং শুনে গ্রামবাসী রেজা কিবরিয়ার বাড়িতে ছুটে আসেন। ড. রেজা কিবরিয়া বলেন, হয়রানির জন্যই এ তল্লাশি।

ব্রাহ্মণবাড়িয়া: গতকাল জেলা সদর আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের শহরের বাস ভবনে দীর্ঘ আড়াই ঘণ্টা তল্লাশি চালিয়েছে যৗথ বাহিনী। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি অংশ নেয়। এসময় ল্যাপটপ, সিসিটিভি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাসা থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটনসহ ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ও শ্যামনগরে নির্বাচনী সহিংসতায় ১০ জন করে ২০ জন আহত হয়েছে। অন্তত ৬টি গািড় ভাংচুর, একটি নির্বাচনী অফিস ও একজন ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাড়াশ (সিরাজগঞ্জ): গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজের নৌকার মিছিলে বিএনপির হামলায় ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

ডিমলা (নীলফামারী): ডিমলায় আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বাবুরহার হাজ্বীপাড়া গ্রামের (পুরাতন) বাড়িতে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তার ভাতিজা  আফরোজাকে কুপিয়ে আহত করে স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা।

ত্রিশাল (ময়মনসিংহ):  ত্রিশালে বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের গণসংযোগ চলাকালে তার ওপর গতকাল অতর্কিত হামলা হয়েছে। পৌরশহরের কেন্দ্রীয় পূজামণ্ডপের কাছে এ ঘটনা ঘটে। এত তিন/চারজন আহত হয়েছেন।

পিরোজপুর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সহ-সভাপতি এলিজা জামানসহ পিরোজপুরের বিভিন্ন থানা থেকে ৪৩ জন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিয়ামতপুর ও সাপাহার (নওগাঁ): প্রাচারণায় বাধা দেওয়ায় নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মাস্তাফিজুর রহমান নিয়ামতপুর থানার সামনে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি ও রামগড়: পানছড়িতে ইসলামপুর যুবলীগের ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে রামগড়ে গতকাল আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। আহত বাস চালক আব্দুল কাদেরের (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে সাংবাদিক সম্মেলন চলাবস্থায় ধানের শীষ প্রার্থীর গাড়িতে পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধারকে আওয়ামী ক্যাডারদের সাজানো নাটক বলে বিএনপি’র প্রার্থী ইসহাক চৌধুরী অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার ড্রাইভার আপনাদের দুপুরের খাবারের জন্য একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো ছিল। আওয়ামী ক্যাডাররা আমার ড্রাইভার তারেককে আটক করে গাড়িতে পেট্রোল বোমা ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দেয়ার উদ্দেশ এই সাজানো নাটক করে।

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিফলেট বিতরণের সময় গতকাল তার স্ত্রী রাহাত আরা বেগমের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। নিজ বাসভবনে রাহাত আরা বেগম এ অভিযোগ করেন।

টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী পীরজাদা সফিউল্লাহ আল মুনিরের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার দুটি গাড়ি ভাংচুর করা হয়।

যশোর: যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এর প্রতিবাদ জানিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছেন ।

এদিকে ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৪ জন, বগুড়ায় বিএনপি নেতা ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরুসহ সদর এবং শিবগঞ্জ উপজেলা থেকে ২৬ জন, খুলনার দাকোপে বিএনপি নেতা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব আলী কাজীসহ দুইজন,পটুয়াখালীর তিন উপজেলায় ১৭ জন, গাইবান্ধায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন স্থান থেকে দেড় শতাধিক গ্রেফতার করেছে পুলিশ।