এদেশের অন্যতম জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদ। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে শুদ্ধ সংগীতের চর্চা করে আসা এই গুণী শিল্পী নিজের ছন্দেই গানের সঙ্গে করেছেন তার জীবনের বুনন। নিজের সাম্প্রতিক কাজ, গান নিয়ে বর্তমান পরিকল্পনা ও প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ
কেমন আছেন?
ভালো আছি একথা বললে তো মিথ্যে বলা হবে। পৃথিবীটাই তো ভালো নেই আজ। অদ্ভুত এক সংকটের ভেতরে আমরা আছি। অচেনা, অদৃশ্য এই শত্রুর সঙ্গে আমাদের যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত। সেক্ষেত্রে বারবার নিজেকে এই বলেই আশ্বস্ত করি, যে কোনো বিপদেই আমরা নিজেদের মোকাবিলার শক্তি দিয়েছে। এখানেও দেবে।
সর্বশেষ কনসার্ট কোথায় করলেন—
গতমাসে বেশকিছু কনসার্টে অংশ নিয়েছি। তবে সম্প্রতি দুটি কাজ খুবই স্মরণীয় হয়ে থাকবে আমার মিউজিক ক্যারিয়ারে। একটি হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চে দেশের গানের অনুষ্ঠানে অংশ নেয়া। আরেকটি মুজিবর্ষের অনুষ্ঠানে গান পরিবেশনা। আর এটির অনবদ্য আয়োজন নিয়ে আমি কৃতজ্ঞতা জানাবো আমার বন্ু, আমার সংগীত জীবনের দীর্ঘদিনের সঙ্গী কৌশিক হোসেন তাপসের প্রতি। আমাদের এইসময়ে গোটা মিউজিক ইন্ডাস্ট্রির হাল ধরেছে সে। সর্বশেষ টানা কয়েক রাত তার গানবাংলায় আমরা রিহার্সেল করলাম।
বর্তমানে এই করোনা আতংকে তো অনেকেই ঘরে বন্দি। তো আপনার সংগীত চর্চা নিয়ে কেমন সময় কাটছে—
গোটা জীবনের সবটুকু সময়ই তো এই সুরের সঙ্গে রইলাম। এই সময়ে বেশ কিছু নতুন গানের কাজ করছি। বলতে পারেন দীর্ঘ বিরতির পর নতুন কিছু গান রিলিজ পাচ্ছে। এর ভেতরে একটি গান গোলাম মোর্শেদের লেখা ‘হাজার বছর’। এটির সুর আমার সংগীত পরিচালনা করেছেন মানাম আহমেদ। অন্যটির কথা সুর আমার নিজের। গানের শিরোনাম রঙধনু মেয়ে। এছাড়া আরো কিছু নতুন গান আসবে বাজারে। সবগুলো গানই টিএম রেকর্ডস এর ব্যানারে মুক্তি পাবে।
এই সময়ের সংগীতচর্চা নিয়ে নানাজনের নানান মত শুনতে পাই। আপনি কতটা আশাবাদি?
আমি তো ভীষণ আশাবাদি মানুষ। বিশেষ করে তাপসের হাত ধরে এই যে উইন্ড অব চেঞ্জ বাংলাদেশে অনুষ্ঠিত হলো। এটা তো এক যুগান্তকারী পদক্ষেপ। আমি তো মনে করি সংগীত ইতিহাসে বাংলাদেশে নতুন এক ডাইমেনশন তৈরি করলো। এছাড়া এখনকার তরুন সংগীত পরিচালকেরা ভীষণ মেধাবী। সারাবিশ্ব তাদের মুঠোয়। তারা যা খুশি করছে। এতে ভুলও হচ্ছে অনেক। আবার অবাক করার মতো সাফল্যও তারাই দিচ্ছে। আমি তাই ভীষণ আশাবাদী মানুষ।
নতুন গানের মিউজিক ভিডিওর ব্যাপারে শুনতে চাই—
এটা টিএম ফিল্মসের দুই প্রান তাপস আর মুন্নীই ভালো বলতে পারবে। তবে ওরা প্রতিটি কাজকে যেভাবে যত্ন নিয়ে প্রডিউস করে। সত্যিই অসাধারণ। আমি ধন্য তাপসের মতো এমন এক সংগীতসঙ্গী পেয়ে।
