শেখ হাসিনার নেতৃত্বে নৌকার অবিস্মরণীয় বিজয় হবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত ১০ বছরে শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন। দেশের মানুষ শান্তিতে ও স্বস্তিতে আছে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকার অবিস্মরণীয় বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার বিকালে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাজীপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কাজীপুরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এ কাজীপুরে নৌকা কোনোদিনও পরাজিত হয়নি। বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পরেই জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর কাজীপুর যুগ যুগ ধরে নৌকার বিজয় হয়েছে বলে জানান তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী চালিতাডাঙ্গা ইউনিয়নের বড়শিভাঙ্গা গ্রামে মরহুম তাঁতী মোজাম্মেল হকের বাড়িতে যান, তার কবর জিয়ারত করেন এবং তাঁতী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সকলেই ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট দেয়ার শ্রতিশ্রুতি দেন। জনসভায় শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপন তালুকদারের নেতৃত্বে বিএনপি থেকে প্রায় দুইশ’ নেতাকর্মী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে মোহাম্মদ নাসিমের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন।

কাজীপুরে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ নাসিমের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কাজীপুরের মানুষ জেগে উঠেছিল। সর্বস্তরের মানুষের সমাগমে জনসভাটি রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আকৃতিতে নির্মাণ করা হয়েছিল জনসভার বিশাল মঞ্চ। জনসভার চারদিকে কাজীপুরের নানা মাত্রিক উন্নয়নের ছাপচিত্র শোভা পাচ্ছিল। কাজীপুর পৌরসভার ৯টি ওয়ার্ড, কাজীপুর উপজেলার ১২ ইউনিয়ন এবং সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা গ্রাম গ্রামান্তর থেকে এমনকি দুর্গম চরাঞ্চল থেকে নৌকায় চড়ে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মুহুর্মুহু শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে দুপুর ৩টার মধ্যে জনসভাস্থল এসে পৌঁছায়। উপজেলা পরিষদ চত্তরের বিশাল মাঠ কানায় কানায় ভরে ওঠে। অনেক ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা গরুগাড়িতে তুলে তা রঙ-বেরঙের কাগজে সাজিয়ে জনসভাস্থলে নিয়ে আসা হয়। পাকা সড়ক পথে নৌকায় মাঝি ও বাইসাল বৈঠা চালিয়ে নির্বাচনে নৌকার বিজয়ের আগাম সংকেত জানান দেয়।

বিজয়ের মাস ডিসেম্বরের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভোট দেবার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাংলার মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া উন্নয়নের কোনো বিকল্প নেই। বক্তৃতায় এক পর্যায়ে তিনি নিজেই শ্লোগান তোলেন— মার্কা আছে, কোন সে মার্কা, নৌকা মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা, মোহাম্মদ নাসিমের মার্কা, নৌকা মার্কা। ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাবার আহবান জানিয়ে নাসিম আরো বলেন, ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না।

উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। বক্তব্য দেন মোহাম্মদ নাসিমের সহধর্মিণী মিসেস লায়লা আরজুমান্দ বানু, সাবেক এমপি প্রকৌশলী তানভীন শাকিল জয়, স্বাস্থ্যমন্ত্রীর পুত্র তন্ময় মনসুর, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কাজীপুর উপজেলা চেয়াম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. ইকবাল আর্সলান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, যুবলীগের আলী আসলাম, ছাত্রলীগের রাজু আহমেদ প্রমুখ।