বাসায় বসে অফিসের কাজ করার অ্যাপস

আপডেট : ২০ মার্চ ২০২০, ২০:৫১

মাহবুব শরীফ

 

বিশ্ব জুড়ে  নোভেল করোনা ভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ  কোভিড-১৯ আক্রান্ত বাড়ছে। ভাইরাসটির সংক্রমণ মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ভয়াবহতা বিবেচনায় নিয়ে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশেও কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের নির্দেশনা জারি করেছে। বাড়িতে বসে অফিসের কাজ করা বেশ কঠিন হলেও উন্নত প্রযুক্তি অনেকটা সম্ভব করে তুলেছে। বাড়িতে বসে অফিসের কাজ করা সহজ করবে এমন ৫টি অ্যাপ।

বেজক্যাম্প ৩

বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কোলাবরেশন অ্যাপ বেজক্যাম্প ৩। অ্যাপটির অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক সংস্করণ খুব সহজে মিলবে। রয়েছে পেইড ও বিনা মূল্যের সংস্করণ ব্যবহারের সুবিধা। এতে মেসেজ বোর্ড, চ্যাট রুম ও ফাইল অর্গানাইজারের মতো বিভিন্ন অফিস কাজের সহায়ক ফিচার আছে। কেউ চাইলে ৯৯ ডলার পরিশোধের মাধ্যমে অ্যাপটির পেইড সংস্করণ ব্যবহার করতে পারবেন।

জুম

বাসায় বসে অফিসের কাজের জন্য আরেকটি সহায়ক অ্যাপ হলো জুম। অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ প্লাটফরমের ব্যবহারকারীরা এ অ্যাপ বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহারের সুবিধা পাবেন। এটি মূলত ভিডিও কনফারেন্সিং অ্যাপ। এটি স্ক্রিন শেয়ারিংয়ের পাশাপাশি ক্রস-প্লাটফরম ইনস্ট্যান্ট মেসেজিং সমর্থন করে। জুম অ্যাপের মাধ্যমে একযোগে ১০০ জন ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া যাবে।

মাইক্রোসফট টিমস

অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ প্লাটফরমে এ অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। অফিসের কার্যক্রম পরিচালনার জন্য অ্যাপটিতে ডকুমেন্ট শেয়ারিং, কলিগদের সঙ্গে চ্যাটিং করার সুবিধা, ভিডিও চ্যাট, মাইক্রোসফট অফিস ৩৬৫-এ প্রবেশের সুবিধা রয়েছে। বিশ্বব্যাপী অসংখ্য প্রতিষ্ঠানের কর্মী টিমস অ্যাপ ব্যবহার করে বাসায় বসে কাজ করে আসছেন। সম্প্রতি অ্যাপটিতে আরো কিছু কার্যকর ফিচার যোগ করেছে মাইক্রোসফট।

জি-স্যুট অ্যাপস

অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফরমে বিনা মূল্যে ব্যবহার করা যাবে গুগলের বহুল ব্যবহূত জি-স্যুট অ্যাপস। বৈশ্বিক সার্চ জায়ান্টটির জি-স্যুট অ্যাপস তালিকায় রয়েছে ডকস, হ্যাংআউটস ও ড্রাইভ। প্রডাক্টিভিটি অ্যাপ হিসেবে এগুলো বাসায় বসে অফিসের কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা ও ফাইল শেয়ারিং অনেক সহজ করবে। গুগল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের এ অ্যাপগুলোর পেইড সংস্করণও বাজারে ছেড়েছে।

স্ল্যাক

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে মেসেজিং, ডকুমেন্ট শেয়ারিং ও ডকুমেন্ট সম্পাদনার জন্য ব্যাপক পরিসরে ব্যবহার হয় এ অ্যাপ। যে কোনো স্মার্ট ডিভাইসে এ অ্যাপ সমর্থন করবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ প্লাটফরমের ব্যবহারকারীরা এ অ্যাপ বিনা মূল্যে ব্যবহারের সুবিধা পাবেন। রয়েছে পেইড সংস্করণও।