নানা দেশের মানুষ, সেসব দেশের প্রকৃতি ও প্রাণীর বর্ণময় ছবিতে সারাবিশ্বের নানা প্রান্তের মানুষ-প্রকৃতি যেন উপস্থিত হয়েছে আলিয়ঁস ফ্রঁসেসের গ্যালারিতে। সেসব বর্ণিল ছবি নিয়ে ব্যতিক্রমী এক প্রদর্শনী শুরু হয়েছে। ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসে শুরু হয়েছে তিন দিনের ইস্ট কোস্ট গ্রুপ বাংলাদেশ আন্তর্জাতিক স্যালন ২০১৮। এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে অংশ নিতে সারাবিশ্বের ৬৭ দেশের নয় হাজার আলোকচিত্র জমা পড়ে। সেখান থেকে বাছাই করা ১০০টি ছবি নিয়ে শুরু হয়েছে এ প্রদর্শনী। এই আয়োজনের সাথে যুক্ত রয়েছে আন্তর্জাতিক আলোকচিত্রীদের সংগঠন ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি আর্ট ফটোগ্রাফি-ফিআপ এবং ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা- পিএসএ।
গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম, বিশেষ অতিথি ছিলেন স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। সভাপতিত্ব করেন ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৈয়দ সাখাওয়াত কামাল।
এই আয়োজনে ৫টি বিভাগে ৩৩৭টি পুরস্কার দেওয়া হবে। আগামীকাল প্রদর্শনীর শেষ দিনে এ পুরস্কার প্রদান করা হবে। এর পাশাপাশি এ প্রতিযোগিতার বিচারক সদ্য প্রয়াত আলোকচিত্রী আনোয়ার হোসেনের স্মরণে ‘আনোয়ার হোসেন স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে এ অনুষ্ঠান থেকে। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
আর আজ বৃহস্পতিবার বিকালে আলোকচিত্রী আনোয়ার হোসেন স্মরণে আলিয়ঁস ফ্রঁসেসে স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ইস্ট কোস্ট গ্রুপ। এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
