রায়পুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫১ শিক্ষকের পদ শূন্য

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:০৮

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৮টি প্রধান শিক্ষক ও ৩৩টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমসহ পাঠদান ব্যাহত হচ্ছে।

রায়পুর উপজেলার দক্ষিণ-পূর্ব উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন, আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য। এ কারণে ক্লাস রুটিনের নির্ধারিত ক্লাস নেওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে মাত্র তিন জন শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান চালাতে হয়। অনেক সময় দুই শ্রেণি একত্র করে ক্লাস করাতে হচ্ছে।

উপজেলার দক্ষিণ-পূর্ব চরকাছিয়া এস কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, এই বিদ্যালয়ে তিন বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তাই পাঠদানের পাশাপাশি তাকে প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করতে হচ্ছে। পাঠদান ছাড়াও দাপ্তরিক ও শিক্ষা কার্যালয়ের কাজে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। এতে কোনো কাজই ভালোভাবে করা যায় না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম মোসতাক আহমেদ বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৫১টি পদ শূন্য রয়েছে, সে সবের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।