রংপুরে বিনোদনকেন্দ্র বন্ধের নির্দেশ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:০৯

স্টাফ রিপোর্টার, রংপুর

করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতন থাকতে রংপুরে সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশ বাস্তবায়ন ও তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, রংপুর জেলার ছোটো-বড়ো প্রত্যেকটি বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব বিনোদন স্পট বন্ধ থাকবে।

জেলা প্রশাসক আসিব আহসান আরো জানান, শুধু বিনোদনকেন্দ্রই নয়, যাতে লোকসমাগম বেশি না হয়, সেজন্য কমিউনিটি সেন্টারগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে একটি মনিটরিং কমিটির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রংপুরের পীরগঞ্জে সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএমএ মমিন এ খবর নিশ্চিত করেন। ইউএনও টিএমএ মমিনকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনকে সদস্য সচিব করে করোনা ভাইরাস রোধ ও জনসচেতনতা বাড়াতে পীরগঞ্জে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।