কোয়ারেন্টাইনে না থাকায় ১৪ জনকে জরিমানা

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১১

ইত্তেফাক ডেস্ক

হোম কোয়ারেন্টাইনে না থাকায় বিভিন্ন স্থানে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল: শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই প্রবাসীকে জরিমানা করেছে। এরমধ্যে নগরীর জীবনানন্দ দাশ সড়কের মুন্সির গ্রেজ এলাকায় ফ্রান্স ফেরত বাবুল হোসেনকে ১৫হাজার টাকা এবং বাগিয়া ২৯নং ওয়ার্ডে কুয়েত প্রবাসী মো. সাইদের কাছ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলা (দক্ষিণ) : ভোলায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যায় ছয় প্রবাসীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আইন অমান্য করার অপরাধে গত ২৪ ঘণ্টায় ছয় জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এখন পর্যন্ত করোনা নিয়ে জেলার সার্বিক অবস্থা অনেক ভালো রয়েছে বলে জানান তিনি।

শরীয়তপুর : ইতালিফেরত মনিরুজ্জামান সরকার নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্য এই জরিমানা করেন। এদিকে একই দিন ডামুড্যায় সৌদি প্রবাসী আব্দুল মান্নান ঢালীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন এই জরিমানা করেন।