গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন আজ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১১

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন আজ শনিবার। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল থেকে ভোট কেন্দ্রসমূহের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ম্যাজিস্ট্রেট, ১০ প্লাটুন বিজিবি, ৮০০ পুলিশ ও ৭৬৪ জন আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে। নির্বাচনী এলাকায় মোট ১৩২টি ভোট কেন্দ্রে ৭৮৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। শুক্রবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান সাংবাদিকের এ তথ্য নিশ্চিত করেছে। তিনি আরো জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

বাগেরহাট-৪ আসনে

উপনির্বাচন আজ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচন আজ শনিবার। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বেলা ১০টা থেকে কেন্দ্রগুলোর জন্য ব্যালট, ভোট গ্রহণের বাক্সসহ প্রয়োজনীয় সব মালামাল বিতরণ করা হয়েছে। রিটার্নিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আনুষ্ঠানিকভাবে মালামাল বিতরণ শুরু করেন। করোনার সতর্কতার জন্য প্রতিটি কেন্দ্রে টিস্যু পেপার, হ্যান্ডস্যানিটাইজার, সাবান সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি  কেন্দ্রে একটি করে সচেতনতামূলক ব্যানার দেওয়া হয়েছে। ভোটার প্রদানের পরপরই সব ভোটারকে কেন্দ্র ত্যাগের জন্য অনুরোধ করা হয়েছে।